সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। জুনের মাঝামাঝিতে আন্দোলন দমন করতে অতিরিক্ত বল প্রয়োগের কারণে সৃষ্ট সহিংসতায় ৩২ শিশুসহ অন্তত ৬৫০ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কয়েক হাজার মানুষ। শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার কমিশনের ‘প্রিলিমিনারি অ্যানালাইসিস অব রিসেন্ট প্রোটেস্ট অ্যান্ড আনরেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

দশ পাতার এ প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিহত হন অন্তত ৪০০ মানুষ। শুধু ৫ এবং ৬ আগস্ট নিহত হন অন্তত ২৫০ জন। নিহতদের মধ্যে আছেন শিশু, ছাত্র, বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। আন্দোলন দমাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘণ করেছে। যার বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য প্রমাণ সংস্থাটির কাছে রয়েছে।