বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে বর্তমানে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি এবং কোস্ট গার্ডের ১টি সহ সর্বমোট ৩৩টি ক্যাম্পের মাধ্যমে উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার জন্য এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা ও এনজিওর মোবাইল নম্বরসমূহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।

সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে গতকাল সর্বমোট ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া, গতকাল ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০৩ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ৩৩০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ৭ হাজার ৯১০ টিন শিশু খাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।