চট্টগ্রামের বায়েজিদ থানাধীন কুয়াইশ এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মাসুদ কয়সার ও মোহাম্মদ আনিস। 

চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আনিস ঘটনাস্থলে মারা গেলেও মাসুদ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছলে তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এখন ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অবস্থান করছে। নিহত আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে। আর মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে।

ওয়াসিম ফিরোজ বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটা এখনো জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

তবে পুলিশ জানিয়েছে, নিহত দুজন স্থানীয় হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরীর অনুসারী।