বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার
মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সহায়তার ক্ষেত্র এবং পদ্ধতি নিয়ে আলোচনা
করতে ঢাকা সফর করবে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আগামী সপ্তাহে দলটির ঢাকায় আসার
কথা রয়েছে।
বৃতস্পতিবার (১৫ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।
বাংলাদেশে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে
মহাসচিবের মন্তব্য চাওয়া হলে উপমুখপাত্র বলেন, আমরা আগের পরিস্থিতি নিয়ে যা বলেছে,
আমাদের এখনকার বক্তব্যও মূলত একই রকম। সবাই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি
শ্রদ্ধাশীল থাকুন, আমরা সবসময় এই ব্যাপারটিকে উৎসাহিত করি। নিরাপত্তারক্ষী বাহিনীর
প্রতি আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন ক্ষতিগ্রস্দ না
হয়।
ব্রিফিংয়ে সাংবাদিকরা বলেন, বাংলাদেশের
অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে জাতিসংঘ তাদের অংশিদার মনে করে। এ কারণে দেশটির
স্থিতিশীলতার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের তৎপরতা বৃদ্ধি পাবে কিনা। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী
ভারতে অবস্থান করে মিথ্যাচার করছেন এবং সহিংসতায় উসকানি দিচ্ছেন। জবাবে উপমুখপাত্র
বলেন, বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়ে আপনি যা বলেছেন— আমি নিশ্চিত করতে
পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের সরকার ও জনগণকে সমর্থন করতে ইচ্ছুক।
এই মাসের শুরুতে নৃশংসতা ও হত্যাকাণ্ডের
তদন্ত করতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বিষয়ে মহাসচিবের দৃষ্টিভঙ্গি কী, ব্রিফিংয়ে
এ প্রশ্নের জবাবে ব্রিফিং শেষে উপমুখপাত্র বলেন, দায়বদ্ধতার বিষয়সহ পরিস্থিতি থেকে
উত্তরণে দেশটির বর্তমান সরকারকে সহযোগিতা করতে পারে, এমনসব বিষয় নিয়ে হাইকমিশনার এবং
ড. মুহাম্মদ ইউনূস আলোচনা করেছেন।
সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে
মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য সহায়তার ক্ষেত্র এবং পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগামী
সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে।










