সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সংসদ সদস্যদের (এমপি) জন্য আমদানি করা ৩০টি গাড়ি সরকারকে দেয়া হচ্ছে। নিলামে ভালো দর না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
তিনি বলেন, এসব গাড়ি (সাবেক এমপিদের আনা গাড়ি) সরকারকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকার এগুলো ব্যবহার করবে। এসব গাড়ি জনপ্রশাসনের পরিবহন পুলে যাবে। সেখান থেকে সরকারের যারা ব্যবহার করার, সেখানে যাবে।
তিনি আরো বলেন, আমরা দেখেছি, এগুলো যখন নিলাম করলাম, খুবই অল্প দাম পেয়েছি। এখন নিলামের টাকাটা সরকারি কোষাগারে আসবে। আবার সরকারকেই এসব গাড়ি অনেক দাম দিয়ে কিনতে হবে। তাই জাতীয় স্বার্থ চিন্তা করে ৩০টি গাড়ি সরকারের পরিবহন পুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর এ গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন তৎকালীন সংসদ সদস্যরা। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন ৬ আগস্ট সংসদ ভেঙে দেয়া হয়। পাশাপাশি এমপিদের শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে এনবিআর। সে সময় এ গাড়িগুলো বন্দর থেকে আর ছাড় করেননি সাবেক সংসদ সদস্যরা।
দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় ৫১টি গাড়ি আমদানি করেছিলেন। এর মধ্যে সাতটি গাড়ি রাজনৈতিক পটপরিবর্তনের আগে-পরে ছাড়িয়ে নেয়া হয়। বাকিগুলোর মধ্যে ২৪টি গত ফেব্রুয়ারি মাসে নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস। সেই নিলামে অংশ নিয়ে আগ্রহীরা গাড়িভেদে ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত দর দিয়েছেন। ১০টি গাড়ির জন্য কোনো দরই জমা পড়েনি। অথচ প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। ফলে নিলামে যে দর উঠেছে, তাতে কোনো গাড়ি বিক্রি হয়নি। এখন সেগুলো সরকারের মালিকানায় যাচ্ছে।










