রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকাল রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ ফ্লাইওভারের ওপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগেছে।