নির্দিষ্ট শ্রেণীতে ভিসার আবেদনকারী বাংলাদেশীদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি ‘পাবলিক’ রাখতে হবে বলে জানিয়েছের ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ শুক্রবার তাদের ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে এ নির্দেশনা দেয়া হয়।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টের পোস্টে লেখা হয়েছে, জেনে রাখুন, ৩০ মার্চ ২০২৬ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, ২, ৩, কিউ, আর-১, ২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস পাবলিক বা উন্মুক্ত করার নির্দেশ দেয়া হচ্ছে।

এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

প্রোফাইলের প্রাইভেসি উন্মুক্ত রাখার এ নির্দেশনা নতুন নয়। গত বছর দেশটি ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের তৎপরতা শুরু করে। এছাড়া গত ২৫ মার্চ দেশটির স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে- এমন আবেদনকারীদের শনাক্ত করতে ভিসা স্ক্রিনিং ও ভেটিং (যাচাই-বাছাই) প্রক্রিয়ায় সব ধরনের তথ্য ব্যবহার করা হবে।