টানা কয়েক দিনের তাপদাহের পর বৃষ্টির দেখা মিললেও রাজধানী ঢাকার বাতাসের মানের উন্নতি হয়নি। দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে এ শহর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, আজ শনিবার সকাল ১০টায় মিনিটে রাজধানী ঢাকার বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর ছিল ১৭৩। এ স্কোর নির্দেশ করে, ঢাকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ বা খারাপ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ার বলছে, আজ সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এ শহরের একিউআই স্কোর ১৭৯। ১৬৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬২ স্কোর নিয়ে চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম কঙ্গোর কিনসাসা, ১৪৫ স্কোর নিয়ে ষষ্ঠ চিলির সেন্টিয়াগো, ১৩৯ স্কোর নিয়ে সপ্তম উগান্ডার কামপালা, একই স্কোর নিয়ে অষ্টম ভিয়েতনামের হ্যানয়, ১১৯ স্কোর নিয়ে নবম চীনের চেংদু এবং ১১৬ স্কোর নিয়ে দশম অবস্থানে আছে ভারতের কলকাতা।

বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।