১৫ আগস্ট শোক দিবসের দিন ধানমন্ডি ৩২ নম্বরসহ ঢাকার বিভিন্ন স্থানে মানুষকে হেনস্তা করা বা মারধরের যেসব ঘটনা ঘটেছে এগুলোকে ‘‌অনাকাঙ্ক্ষিত’ ও ‘‌মানবাধিকার লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। এসব ঘটনা ‘‌গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না’ বলেও উল্লেখ করেন তিনি। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘‌ধানমন্ডি ৩২সহ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। এগুলো কোনোভাবেই আইনসংগত নয়। ‌ভিডিওতে দেখেছি আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবস করানো হচ্ছে, একজনকে বিবস্ত্র করা হয়েছে। লোকজন যাচ্ছেতাই বলেছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। সাংবাদিক ভাইবোনদের ওপর হামলার বিভিন্ন ঘটনা এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আলোচনা করেছেন জানিয়ে সারজিস বলেন, ‘‌তথ্যপ্রমাণের ভিত্তিতে এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়ক বা সহসমন্বয়কের যুক্ততা পাওয়া গেলে তাকে টিম থেকে বহিষ্কার করা হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যা করা প্রয়োজন সেটি করা হবে।’