চলতি অর্থবছরের (২০২৪-২৫) আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে জরিমানা ছাড়া রিটার্ন জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া কোম্পানি করদাতার রিটার্ন জমার সময়ও বাড়ানো হয়েছে।
এর আগে, আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি করদাতার রিটার্ন জমার সময় ছিল ১৫ জানুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনবিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।এ ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।
ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে এক মাস সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার এনবিআর নতুন করে আরও এক মাস সময় বাড়ালো। এর ফলে ব্যক্তি করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় ১৫ জানুয়ারির বদলে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আগামী ৩১ ডিসেম্বর। আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির ফলে অনলাইন ও অফলাইন উভয় প্রকার রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়া ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
প্রসঙ্গত, চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফশিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সারা দেশের সব মোবাইল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং ওই আদেশে উল্লিখিত বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।










