প্রবাসী বাংলাদেশীসহ দেশের নাগরিকদের মাধ্যমে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ‘প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে নীতিমালাটির অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রণোদনা প্রদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীসহ সব বাংলাদেশী নাগরিককে দেশে এফডিআই আনয়নে অবদান রাখতে উৎসাহিত করার লক্ষ্যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। এ উদ্যোগের উদ্যোক্তা প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে বৈঠকে ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আনা এ সংশোধনের মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক (ফর-প্রফিট) বা অ-মুনাফাভিত্তিক (নট-ফর-প্রফিট) কোম্পানি কিংবা সংগঠন গঠন এবং এসব প্রতিষ্ঠানের শেয়ার অর্জনের সুযোগ দেয়া হবে।

চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।