তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।
তুরস্ক বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে বলে জানান রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
প্রেসিডেন্ট এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। সেই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস তার আমন্ত্রণ গ্রহণ করে জানান, সুবিধাজনক সময় তিনি তুরস্ক সফর করবেন। সেই সঙ্গে তিনিও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোগান সেই আমন্ত্রণ গ্রহণ করেন।










