তবে এ সময়ে জরুরি চিকিৎসা ও ভারতীয় ভোটারদের যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হয়েছে।
হঠাৎ নিষেধাজ্ঞার কারণে বেনাপোলে বাংলাদেশী আনুমানিক ৩০০ পাসপোর্টধারী যাত্রী গতকাল ভারতে যেতে না পেরে ফিরে গেছেন। এতে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
যশোর: ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখা হবে। এ সময়ে মানুষ ও যানবাহনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফলে বেনাপোলসহ সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা, ভোটারদের ভোটদানের উদ্দেশ্যে যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে সীমান্ত বন্ধের ঘোষণায় যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এতে আমদানি-রফতানি কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে এবং পণ্য খালাসে বিলম্ব হতে পারে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এসএম সাখাওয়াত হোসেন জানান, বিশেষ অনুমোদন সাপেক্ষে জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে পাসপোর্টধারী যাত্রী পারাপারের সুযোগ রাখা হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষ সবাইকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অ্যাম্বুলেন্সে বহনকারী মুমূর্ষ রোগী যাতায়াতে কোনো বাধা নেই। দেশের অধিকাংশ পাসপোর্টধারীরা এ নিষেধাজ্ঞা না জানা থাকায় কিছুটা সমস্যায় পড়েছেন।
চুয়াডাঙ্গা: জেলার দর্শনা-গেদে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের নদিয়া জেলার বিধানসভা নির্বাচনের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সূত্রে বিষয়টি নিশ্চিত করেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।










