এদের মধ্যে ভৈরব ও ঝিনাইদহে দুজন করে ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে একজন। এসব ঘটনায় আহত হয়েছেন ছয়জন। তাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
কিশোরগঞ্জ: জেলার ভৈরবে গতকাল পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মৎস্য ব্যবসায়ী নিহত হন। নিহতরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডিবের দক্ষিণ পাড়া এলাকার মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৫)। দুজনই পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ভৈরব হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঝিনাইদহ: জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গতকাল আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের এসআই জাহানুর আলি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে একই দিনে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত ৩টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে পৃথক তিনটি স্থানে আলাদা এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মহাসড়কের মাওয়ামুখী লেনে এক পথচারী রাস্তা পারাপারে সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।










