জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আহরিত রাজস্বের সঙ্গে আইবাস++, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যে সমন্বয় বিষয়ক সভা আহ্বান করেছে এনবিআর। গতকাল বুধবার (২৮ আগস্ট) এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, এনবিআরের রাজস্ব আহরণ তথ্যের সঙ্গে আইবাস++, সিজিএ এবং বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়েছে। এতে নীতি-নির্ধারণী তথ্য-উপাত্ত প্রস্তুতিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যের সামঞ্জস্য বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগেও জাতীয় রাজস্ব বোর্ড আহরিত রাজস্বের সঙ্গে আইবাস++, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) এবং বাংলাদেশ ব্যাংকের রাজস্ব তথ্যের অমিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অর্থনীতিবিদরা। এনবিআর ও সিজিএর রাজস্ব আহরণের তথ্যে প্রায় ৯৭ হাজার কোটি টাকার গড়মিল পাওয়া যায়। তাই সরকারি পরিসংখ্যানের ওপর আস্থাহীনতা তৈরির আশঙ্কায় সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এনবিআর সমন্বয় সভার আহ্বান করেছে।










