চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন রাখতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শুরু হয়েছে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান-২০২৫’। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালখান ক্যাম্পাসের মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘পরিচ্ছন্ন রাখি, চট্টগ্রাম নগরী’। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এবং সিআইইউ ও ইয়ংওয়ান করপোরেশনের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক। নগর পরিচ্ছন্নতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ। তিনি বলেন, শুধু কর্তৃপক্ষের উদ্যোগে নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতা জরুরি।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এটি সিআইইউ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট ও চেরাগী মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, কর্মসূচির মূল লক্ষ্য নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা সৃষ্টি করা ও তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করা।