ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, দেশের স্বার্থে ব্যবসায়ীদের কাজ
করার আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার
(২৭ আগস্ট) দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ গার্মেন্টস
ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) এক প্রতিনিধিদলের
সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত দিনে প্রবৃদ্ধি আর মাথাপিছু আয়ের অনেক
গল্প মানুষকে শোনানো হয়েছে। ঢাকা শহর থেকে বের হয়ে গ্রামে গিয়ে সে প্রবৃদ্ধি আর খুঁজে
পাওয়া যায় না।
তিনি বলেন, প্রকৃত পক্ষে তখন অর্থের অপচয় হয়েছে। যেসব প্রকল্পের দরকার
ছিল না তা নেয়া হয়েছে। পাঁচ টাকার কাজ অবৈধ সুবিধা দিতে দশ টাকায় দেয়া হয়েছে বলে যোগ
করেন তিনি।
বিজিএমইএর নেতারা বলেন, বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি তৈরি পোশাক
সেক্টর। বর্তমান প্রেক্ষাপটে নগদ সহায়তা না পেলে সেক্টরটি ক্ষতিগ্রস্ত হবে। এ সময় তারা
সরকারের কাছে নগদ সহায়তার পাশাপাশি ঋণ সহায়তা চান।
এ সময় নেতারা বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের ওপর ব্যবসায়ী সমাজের
আস্থা ও বিশ্বাস আছে। দেশের উন্নয়নে তৈরি পোশাক শিল্প মালিকরা সব ধরনের সহযোগিতা করবে।
বৈঠককালে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, বিজিএমইএর সভাপতি খন্দকার
রফিকুল ইসলাম, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, প্রথম সভাপতি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ
উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স অব বাংলাদেশের
(আইসিসিবি) এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, আইসিসিবির সভাপতি
মাহবুবুর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর
সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, মীর ইন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির উদ্দীন,
স্কয়ার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং মার্ক এন্ড স্পেন্সার এর কান্ট্রি
ডিরেক্টর স্বপ্না ভৌমিক মতবিনিময় সভায় অংশ নেন।
পরে বাণিজ্য উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদেরকে বলেছি স্বচ্ছতার
সঙ্গে সৎ ব্যবসা করেন আমরা সহযোগিতা করব। আন্ডার দ্য টেবিল কোনো কাজ হবে না। ভালো লোকের
ভালো কাজে তারা (ব্যবসায়ীরা) এক স্টেপ এগিয়ে আসলে আমরা দুই স্টেপ এগিয়ে আসব।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরো বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট
করতে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য শর্ত হলো ব্যবসার পরিবেশ, ব্যবসাকে
সহজ করা। অর্থাৎ আমাদের ব্যবসা করার পরিবেশ ঠিক করতে হবে, অন্যথায় বেসরকারি খাত আসবে
না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আমরা চাই ব্যবসা-বাণিজ্যের উন্নতি হোক। যুক্তরাজ্য
সরকার অতীতে খুব সহায়ক ছিল এবং আমি আশা করি আগামী দিনেও তারা সহায়ক হবে।
ঋণ সহায়তা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে বাংলাদেশ
ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।










