জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণহত্যা করেছে, আমরা তাদের বিচার করব। এ বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরই নির্বাচন। বিচার দৃশ্যমান হতে হবে। যে সরকারই আসুক না কেন, এ বিচারে কেউ হাত দিতে পারবে না।’

গতকাল বগুড়ায় পর্যটন মোটেলে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে গতকাল বগুড়ায় পথযাত্রা ও পথসভা করে এনসিপি।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছুই দেয়া হোক, সেই ক্ষতি পূরণ হবে না। আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন। মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন।’

স্বৈরাচার থাকবে না এমন দেশ গঠনের লক্ষ্য তুলে ধরে নাহিদ বলেন, ‘আমরা এখন চাই, যে কারণে শহীদরা প্রাণ উৎসর্গ করেছেন, একটা স্বাধীন দেশ যেখানে স্বৈরাচার থাকবে না, সে রকম একটা দেশ গঠন করব। সেজন্য আমাদের আরো সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সভায় শহীদদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে থাকতে চাই। গত এক বছর দেশে অনেক কিছু হয়েছে। আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আরো আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমরা সেটা পারিনি। এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার।’

জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘এই শহীদ পরিবার যারা আছে, তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এ সরকার না, যে সরকারই ক্ষমতায় আসুক, এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি। যে জুলাই ঘোষণাপত্রে এ শহীদদের কথা থাকবে, এ পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। এবং জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের কী কী সংস্কার লাগবে সে কথা থাকবে। আমরা এ দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করছি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।