গত কয়েকদিনের অসহনীয় গরমে নাজেহাল রাজধানীবাসী। গতকাল শুক্রবার দিনের ভাগে আকাশে মেঘের দেখা মিললেও গরমের দাপট তেমন একটা কমেনি। এমন পরিস্থিতিতে আজ শনিবার নগরবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলছে, আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। একই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি, তবুও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা গরমের তীব্রতা কিছুটা প্রশমিত করতে সহায়তা করবে।

আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

বৃষ্টি ও মেঘের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক এলাকায় ভ্যাপসা আবহাওয়া বজায় থাকতে পারে।