সাবেক ডিবি প্রধান, বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন সাবেক ডিবি-প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন।
এর আগে ১৮ আগস্ট হারুন ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংকের হিসাব স্থগিত করতে আদালতের কাছে আবেদন করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়া তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ আগস্ট পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক ডিবি প্রধান, বর্তমানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি অনুসন্ধান টিম এ অনুসন্ধান করছে। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দীন মিনহাজ।
গত ১৯ আগস্ট এ অনুসন্ধান টিম গঠন করা হয়। দুদক সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, গোল্ডেন স্কাই ফুটওয়্যার নামে তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া হারুনের মা জহুরা খাতুন প্রেসিডেন্ট রিসোর্টের চেয়ারম্যান ও তার স্ত্রী পরিচালক।










