এক-এগারোর কথা ভুলে যাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু চেহারা আছে। যে চেহারাগুলো দেখলে যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। ভয় হয়।
বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যাদের কোনো দিন দেখা যায়নি, তারা সামনে চলে আসছেন জানিয়ে মির্জা ফখরুল
বলেন, হঠাৎ করে তারা মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছেন। তাদের বক্তব্য, থিউরি প্রচার
করছেন। আমি কারো নাম বলতে চাই না। আমার মনে হয়, এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য
ভালো বিষয় নয়।
দুদিন আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে
এ বন্যা পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি
এবং দখলদারির বিষয়ে কথা বলেন। বিষয়টি তুলে ধরে করা এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব
বলেন, ‘আমি আগেই বলেছি, এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। কারণ, আমরা তো এক-এগারোর কথা
ভুলে যাইনি। এক-এগারোতে যেটা হয়েছিল বিরাজনীতিকীকরণের প্রচেষ্টা। যাদের জনসমর্থন নেই,
জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তা-ভাবনা করে,
আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার
জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা আমাদের রাইট। আমরা নির্বাচনের জন্যই এত দিন লড়াই
করেছি, সংগ্রাম করেছি।’
৫ আগস্টের পটপরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে
লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। তার মতে, এ
কাজগুলো করা হচ্ছে আবার এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে, বিরাজনীতিকীকরণের চেষ্টা
থেকে।
বর্তমান সরকারের মধ্যেও বিরাজনীতিকীকরণের কোনো লক্ষণ দেখছেন কিনা,
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমি এমন লক্ষণ দেখছি না। আমি সতর্ক করছি। আমার একটা
সতর্কের কথা আছে। কিছু চেহারা আছে তো? এ চেহারাগুলোকে দেখলে আমরা ভয় পাই।










