পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় চালানো এ অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ভর্তি ২৩টি বস্তা উদ্ধার করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেফতার করে দুদক। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, খবর পেয়ে সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের আশঙ্কায় আগেই ইলিয়াস সব নথি ওসমান তালুকদার নামের এক ব্যক্তির বাসায় রাখেন। সেখান থেকেই ২৩ বস্তা নথি জব্দ করা হয়। এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসাসংক্রান্ত। নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানা সম্ভব হবে।
গত ২৪ জুলাই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ভাই-বোন এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ একটি মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান।










