চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পূর্বাভাসের বেশি আয় করেছে বিশ্বের অন্যতম শিপিং কোম্পানি মায়েরস্ক। এ আয়ের অংক চলতি বছরের বাকি প্রান্তিকগুলো সম্পর্কে ইতিবাচক ধারণা দেয় বলে সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন কোম্পানির সিইও ভিনসেন্ট ক্লার্ক। খবর রয়টার্স। 

বিবৃতিতে চলতি বছরের প্রত্যাশিত মুনাফার লক্ষ্যও উত্থাপন করেছেন ক্লার্ক।

বৈশ্বিক বাণিজ্যের ব্যারোমিটার হিসেবে খ্যাত কোপেনহেগেনভিত্তিক মায়েরস্ক জানিয়েছে, চলতি বছরে সমুদ্রপথে কনটেইনার শিপিংয়ের চাহিদা পূর্বাভাসের চেয়ে ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। 

গত বছরের শেষ দিক থেকে লোহিত সাগরে হুথি হামলার কারণে পণ্য নিয়ে মায়েরস্কসহ অন্যান্য শিপিং কোম্পানি আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে যাতায়াত করছে। এ বাড়তি পথে সময়ের সঙ্গে বেড়ে গেছে পরিবহন খরচ। এ কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে শিপিং কোম্পানিগুলোর আয় বেড়েছে।

আর্থিক প্রতিবেদনে মায়েরস্ক জানিয়েছে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে আয় দাঁড়িয়েছে ১৫৯ কোটি ডলার। যা লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের পূর্বাভাসকৃত ১৪৬ কোটি ডলারের চেয়ে বেশি। তবে মহামারী-পরবর্তী চাহিদা বৃদ্ধির কারণে গত বছরের একই প্রান্তিকে কোম্পানিটি আয় করেছিল ৩৯৭ কোটি ডলার। কোম্পানির এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় আয় কমেছে। এর জন্য লোহিত সাগরের ঘটনা ও অন্যান্য বাধার সঙ্গে যুক্ত উচ্চ খরচকে উল্লেখ করা হয়। 

তবে ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকের চেয়ে আয় বেড়েছে বলে জানিয়েছে মায়েরস্ক। বিবৃতিতে ক্লার্ক বলেন, ‘‌‌এটি শুধু গত প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে মুনাফার পরিমাণ বৃদ্ধি নয়। বরং এটি আগামী প্রান্তিকগুলোর জন্য একটি উন্নত দৃষ্টিভঙ্গি প্রদান করে।’

এছাড়া বছরের বেশির ভাগ সময় কোম্পানিটি একইভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে বলেও উল্লেখ করেন তিনি।