যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত ‘স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি)। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ইউআইইউর এ অর্জনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১৪-১৭ সেপ্টেম্বর টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়। ইউআইইউর সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চারদিনব্যাপী প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করে উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতা প্রয়োগের মাধ্যমে ইউএআরটি চতুর্থ স্থান অর্জন করে। এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বাংলাদেশী দল হিসেবে ইউএআরটি পোডিয়ামে স্থান করে নেয়।

২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত এসইউএএস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা। এবারের প্রাথমিক পর্বে ৮১টি দল অংশ নেয়। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে। প্রতিকূল আবহাওয়ার কারণে ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এ পরিস্থিতিতেও ইউএআরটি কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে সফলভাবে মিশন সম্পন্ন করে।

কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো প্রতিষ্ঠানের দলও প্রতিযোগিতায় অংশ নেয়। ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র‍্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি একমাত্র দল হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করে।

দলটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকলে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দীর্ঘদিনের গবেষণা, নকশা, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা ও ধারাবাহিক পরিমার্জনের মাধ্যমে এসব প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে।

ইউআইইউর ইউএআরটির এ অর্জন দেশের তরুণদের রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণায় উৎসাহিত করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।