কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার নির্মাতা নাইকি। যুক্তরাষ্ট্রের ওরেগনের সদর দপ্তর থেকে প্রায় ৭৪০ জন কর্মী কমাবে কোম্পানিটি। আগেই বলা হয়েছিল, ২০২৫ আর্থিক বছরের প্রথমার্ধে আয় কমতে পারে নাইকি। এবার সতর্কতা হিসেবে ব্যয় সংকোচন করতে এমন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

নাইকির মানবসম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিশেল অ্যাডামস মার্কিন নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে কর্মী ছাঁটাইয়ে দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শুরু হবে। এ পর্বে কোম্পানির সদর দপ্তরের প্রায় ৭৪০ জন কর্মীকে বাদ দেয়া হবে।

তথ্যমতে, সম্প্রতি আফটার আওয়ার ট্রেডিংয়ে নাইকির শেয়ারের দাম সামান্য বেড়েছে। যদিও চলতি বছরের শুরুর দিকে কোম্পানিটির শেয়ার মূল্য প্রায় ১৩ শতাংশ কমেছিল।

গত ফেব্রুয়ারিতে নাইকি কর্তৃপক্ষ জানিয়েছিল, ডিসেম্বরের পর থেকে আগামী তিন বছরে প্রায় ২০০ কোটি ডলার খরচ কমাতে চায় তারা। এর অংশ হিসেবে মোট কর্মশক্তির প্রায় ২ শতাংশ বা ১ হাজার ৬০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত তথ্য অনুসারে, বিশ্বজুড়ে নাইকির কর্মীর সংখ্যা প্রায় ৮৩ হাজার ৭০০ জন।

যুক্তরাষ্ট্র তথা বৈশ্বিক অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি এবং চাহিদা-সংক্রান্ত উদ্বেগের কারণে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি কোম্পানি দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ে ঘোষণা দিয়েছে। এর আগে ব্যয় সংকোচন ও মুনাফা বাড়াতে ২০২৩ সালজুড়ে কর্মী ছাঁটাই করেছিল বড় বড় বহুজাতিক কোম্পানি।

গত মাসে প্রকাশিত এক পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালের প্রথমার্ধে নাইকির আয় নিম্ন একক অংকে নেমে যেতে পারে। মূলত এমন শঙ্কার পরই কর্মী কমিয়ে ব্যয় সংকোচন করতে উদ্যোগী হয়েছে জন ডোনাহোর নেতৃত্বাধীন কোম্পানিটি।