এ প্লাটফর্মের মাধ্যমে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করা ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের মাধ্যমেই বিভিন্ন ধরনের গেম এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাবেন গেমাররা।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ অ্যাপের এ নতুন ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন তারকা ফুটবলার এবং বিকাশের চিফ প্রডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীদের নিয়ে যাওয়া হবে গেমিং প্লাটফর্মে। সেখানে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস এবং পাজলসহ বিভিন্ন ক্যাটাগরির গেম থেকে নিজেদের পছন্দের গেম বেছে নিয়ে খেলতে পারবেন গেমাররা।

শুধু গেম খেলার সুযোগই নয়, ‘বিকাশ গেম জোন’-এ নিয়মিত আয়োজন করা হবে টুর্নামেন্ট। ফলে গেমাররা নিজেদের সুবিধামতো সময় বেছে নিয়ে প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া ফুটবলপ্রেমীদের এ সময়কে আরো রঙিন করে তুলতে চালু করা হয়েছে নতুন গেম ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’। বিকাশ অ্যাপে কুপন ব্যবহার করে গেমটি মাত্র ১ টাকায় খেলার সুযোগ পাবেন গেমাররা।

বিকাশ অ্যাপের যেকোনো গ্রাহক ‘গেম জোন’-এ প্রবেশ করে সাপ্তাহিক ও মাসিক সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন গেম খেলতে পারবেন। একবার সাবস্ক্রাইব করলে বিভিন্ন মার্চেন্টের ১০০টিরও বেশি গেম খেলার সুযোগ পাবে ‍গেমাররা। ব্যবহারকারীরা চাইলে গেম জোন অপশন থেকেই যেকোনো সময় তাদের সাবস্ক্রিপশন বাতিলও করতে পারবেন।