ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ফর ইনোভেশনের (উরি)সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, উত্তরা ইউনিভার্সিটি এবার বিশ্বব্যাপী ২৫৭তম স্থানে উঠে এসেছে।ডটজও কর্তৃক পরিচালিত এ র‍্যাংকিং একাডেমিক সূচকের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সৃজনশীলতা, উদ্ভাবন ও সামাজিক অবদানের ভিত্তিতে অবস্থান নির্ধারণ করে। এ তালিকায় উত্তরা ইউনিভার্সিটি শুধু গ্লোবাল র‍্যাংকিংয়েই নয়, নির্দিষ্ট কিছু বিভাগেও গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে ১ম, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনামের ক্ষেত্রে ৯ম এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) ভিত্তিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ১০ম স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ অর্জন তাদের বাস্তবমুখী শিক্ষা, উদ্ভাবনী ভাবনা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি। এ স্বীকৃতি উত্তরা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিকভাবে আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, এ গ্লোবাল স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়। এটি বাংলাদেশের উচ্চশিক্ষার জন্যও একটি বড় অর্জন। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অবস্থান আরো শক্তিশালী করতে হবে।

অভিনন্দন বার্তায় উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। শিক্ষকরা জানিয়েছেন, ভবিষ্যতেও উদ্ভাবন ও উন্নয়নের পথে অগ্রসর থেকে শিক্ষার্থী ও সমাজকে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাবে উত্তরা ইউনিভার্সিটি।

—বিজ্ঞপ্তি