পেপসিকোকে চাহিদা অনুযায়ী সেমি ট্রাক সরবরাহ করতে পারছে না বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। চলতি মাসে মার্কিন খাদ্য ও পানীয় জায়ান্টটির ১০০টি বিদ্যুচ্চালিত ট্রাক পাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে মাত্র ৩৬টি সরবরাহ করা হয়েছে বলে পেপসিকোর এক কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্স।
পেপসিকোর পক্ষ থেকে বলা হচ্ছে, সেমি ট্রাকের সরবরাহে ঘাটতি থাকতে পারে এ বিষয়ে আগে কোনো তথ্য জানায়নি ইলোন মাস্কের মালিকানাধীন কোম্পানিটি।
সেমি ট্রাকের জন্য টেসলা ও পেপসিকোর চুক্তি বেশ পুরনো। ২০১৭ সালে সেমি ট্রাকের জন্য টেসলাকে প্রাথমিক অর্থ দিয়েছিল পেপসিকো।
এ ফুডস জায়ান্টের পণ্যসম্ভারে রয়েছে চিটোস, লেইস পটেটো চিপস ও পেপসি সোডা পপসহ বিভিন্ন ধাঁচের পণ্য। কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখতে ইভির দিকে মনোযোগ দিয়েছে কোম্পানিটি। তাদের লক্ষ্য পণ্য খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতে ইভি ব্যবহার করবে। এছাড়া জো বাইডেন সরকারের পদক্ষেপ অনুসারে কার্বন নিঃসরণ কমানোয় ভূমিকা রাখায় পেপসিকো এরই মধ্যে আর্থিক প্রণোদনা পেয়েছে।
পেপসিকো ছাড়াও সিসকো, ইউপিএস ও ওয়ালমার্ট কানাডাসহ টেসলার অন্য গ্রাহকরাও সময়মতো সেমি ট্রাকের সরবরাহ পায়নি বলে জানা গেছে। এ কারণে ক্রেতা হারানোর ঝুঁকিতে পড়েছে ইভি খাতের অগ্রগণ্য প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সরবরাহ না পাওয়া কোম্পানিগুলো কয়েকটি অন্য বৈদ্যুতিক-ট্রাক নির্মাতার দিকে ঝুঁকছে।
সম্প্রতি ইভি উৎপাদনে বেশ ধীরগতি দেখছে টেসলা। তার প্রতিফলন দেখা যাচ্ছে সেমি ট্রাক সরবরাহজনিত সংকটে।
ধারণা করা হচ্ছে, এসব ঘটনা কোম্পানির আয়ে দারুণভাবে প্রভাব ফেলবে। এদিকে বিনিয়োগকারীরা আশা করেছিলেন, টেসলার সাশ্রয়ী গাড়ির উৎপাদন আরো বৃদ্ধি পাবে। কিন্তু দীর্ঘ প্রতিশ্রুত গাড়িগুলো উৎপাদন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিদ্যুচ্চালিত ট্রাক তৈরিতে শক্ত অবস্থান গড়ে তোলার লক্ষ্যে কাজ করছিল টেসলা। ২০২২ সালে ইলোন মাস্ক বিনিয়োগকারীদের জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে ৫০ হাজার সেমি ট্রাক উৎপাদন করবে। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
এদিকে টেসলা চলতি সপ্তাহে মডেল ওয়াই, এক্স ও এস ইভির মূল্য ২ হাজার ডলার করে কমিয়ে দিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাজারে প্রত্যাশা অনুযায়ী সরবরাহ দিতে পারেনি কোম্পানিটি, যার প্রভাব পড়ে সামগ্রিক আয়ে। এর পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
টেসলা জানিয়েছে, কোম্পানির মডেল ওয়াইয়ের প্রারম্ভিক দাম কমিয়ে ৪২ হাজার ৯৯০ ডলার করা হয়েছে। এছাড়া লং-রেঞ্জ ও পারফরম্যান্স ভেরিয়েন্টের দাম যথাক্রমে ৪৭ হাজার ৯৯০ ও ৫১ হাজার ৪৯০ ডলার করা হয়েছে। এছাড়া মডেল এসের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৭২ হাজার ৯৯০ ডলার।










