সম্প্রতি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত শিল্পপার্কটি পরিদর্শন করেন।

জেএমআই গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ড. এসএম জিয়াউদ্দিন হায়দারকে অভ্যর্থনা জানান জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। পরিদর্শক দলে অন্যদের মধ্যে ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান; মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মেনহাজুল আলম; স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ; গজারিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী।

পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, ১৯৯৯ সালে মাত্র ৫০ জন কর্মী আর তিন ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসা শুরু করে জেএমআই গ্রুপ। বর্তমানে গ্রুপটির মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে মোট কর্মী সংখ্যা সাড়ে আট হাজার ছাড়িয়েছে। জেএমআই গ্রুপের অধীনে বর্তমানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, বিপণন, স্বাস্থ্যসেবা, আবাসন, মুদ্রণ, শিল্পজাত গ্যাস, এলপিজি, এলপিজি সিলিন্ডার ও অটো ট্যাংক তৈরিসহ বিভিন্ন খাতের ৪২টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।

তিনি আরো জানান, ২৬ বছরের দীর্ঘ যাত্রায় জেএমআই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও চীন থেকে এসেছে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই)। এ মুহূর্তে গ্রুপটির আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে চার শতাধিক ধরনের চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন হচ্ছে, যার মধ্যে অন্তত ৫০টিই বাংলাদেশে প্রথমবারের মতো প্রস্তুতকৃত। উৎপাদিত এসব পণ্য রফতানি হচ্ছে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার দেশের স্বাস্থ্যসেবায় অবদানের জন্য জেএমআই গ্রুপের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের আধুনিক উৎপাদন ব্যবস্থা, সুশৃঙ্খল কর্মপরিবেশ এবং মানসম্মত পণ্য উৎপাদনের প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।’