নতুন নিয়োগ ও গাড়ির উৎপাদনের তথ্য দিয়েছে চীনা গাড়ি নির্মাতা চেরি ও এর স্প্যানিশ অংশীদার ইব্রো-ইভি মোটরস। সম্প্রতি তারা জানিয়েছে, বার্সেলোনার নতুন প্লান্টে ১ হাজার ২৫০টি কর্মসংস্থান তৈরি হবে। এ কারখানায় বছরে ১ লাখ ৫০ হাজার গাড়ি তৈরি হবে, যার বেশির ভাগই বিদ্যুচ্চালিত (ইভি)। খবর ব্যারনস।
স্প্যানিশ কর্তৃপক্ষ ও চীনা সংস্থার মধ্যে দীর্ঘ আলোচনার পর সম্প্রতি বার্সেলোনার প্লান্টের ঘোষণা দেয়া হয়। তবে কারখানা বিষয়ে তারা এখনো বিস্তারিত তথ্য দেয়নি। দুই পক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও চেরির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট গুইবিং ঝাং।
চেরি ও ইব্রো জানিয়েছে, এ উদ্যোগে ২০২৭ সাল থেকে প্রতি বছর ৫০ হাজার গাড়ি উৎপাদন হবে। ২০২৯ সালের মধ্যে প্রতি বছর প্রায় ১ লাখ ৫০ হাজারে উন্নীত হবে।
ক্রমবর্ধমান প্রতিযোগিতার উদ্বেগ সত্ত্বেও ইউরোপে কারখানা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীনা গাড়ি নির্মাতারা। এর আগে ডিসেম্বরে চীনের শীর্ষ ইভি প্রস্তুতকারক বিওয়াইডি হাঙ্গেরিতে কারখানা তৈরির কথা জানায়। এরপর চেরি হলো ইউরোপে কারখানা স্থাপন করা দ্বিতীয় চীনা গাড়ি নির্মাতা।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চেরি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ১৯ লাখ গাড়ি বিক্রি করেছে।










