প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ২৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৯ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির ৪৮০ কোটি টাকার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ২০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।










