ভারতের সিমেন্ট শিল্পে বড় অংকের অধিগ্রহণ ঘটতে যাচ্ছে। ইন্ডিয়া সিমেন্টের মহারাষ্ট্রের কারখানা অধিগ্রহণ করতে যাচ্ছে আদিত্য বিড়লা গ্রুপের আলট্রাটেক সিমেন্ট। এ বাবদ ৩১৫ কোটি রুপি খরচ করবে দেশটির অন্যতম গ্রুপটি। খবর দ্য হিন্দু।

দুই কোম্পানির মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন হয়েছে। এর অধীনে বার্ষিক ১১ লাখ টনের গ্রাইন্ডিং ইউনিটের নিয়ন্ত্রণ পাচ্ছে আলট্রাটেক। মহারাষ্ট্রের পার্লিতে ইন্ডিয়া সিমেন্টের সম্পত্তি শিগগিরই হস্তান্তর হবে।

অধিগ্রহণের পর আলট্রাটেক পার্লি ইউনিটের সক্ষমতা বাড়াবে বলে জানা গেছে। এখানে বার্ষিক ১২ লাখ টন গ্রাইন্ডিং ক্ষমতা সম্প্রসারণে ১৬৬ কোটি রুপি বিনিয়োগ করবে। এ সম্পর্কে কোম্পানিটি জানায়, এ অধিগ্রহণ পরিকল্পনা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ। এর মাধ্যমে মহারাষ্ট্রের দ্রুতবর্ধনশীল নির্মাণ খাতের বাজারে আলট্রাটেকের উপস্থিতি আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়া সিমেন্টের পাশাপাশি নিজস্ব কারখানায় বিনিয়োগ বাড়াবে বলেও জানিয়েছে আলট্রাটেক। মহারাষ্ট্রে বিদ্যমান ধুলে প্লান্টে নতুন করে ৩৩৮ কোটি রুপি বিনিয়োগ হবে। এতে ওই ইউনিটের সক্ষমতা বাড়বে বার্ষিক ১৮ লাখ টন।

আলট্রাটেকের পক্ষ থেকে বলা হচ্ছে, অভ্যন্তরীণ আয় থেকে এ অধিগ্রহণ প্রক্রিয়ায় অর্থায়ন করা হবে। ২০২৬ অর্থবছরের মধ্যে ইন্ডিয়ার সিমেন্টের অবকাঠামোয় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।

জানা গেছে, সিমেন্ট ব্যবসা সম্প্রসারণে আলট্রাটেক মোট ৫০৪ কোটি রুপি বিনিয়োগ করবে। এর মাধ্যমে কোম্পানির সামগ্রিক উৎপাদন ক্ষমতা অভ্যন্তরীণভাবে ১৫ কোটি ৩ লাখ টনে উন্নীত হবে, যা বর্তমান সক্ষমতা ১৪ কোটি ৭৩ লাখ টন থেকে ৩০ লাখ টন বেশি।

চলতি মাসের শুরুর দিকে নতুন দুটি কারখানা সম্প্রসারণের তথ্য জানিয়েছিল আলট্রাটেক সিমেন্ট। তখন জানানো হয়, ছত্রিশগড় ও তামিলনাডু নতুন ইউনিটে সক্ষমতা হবে বার্ষিক ৫৪ লাখ টন।

চেন্নাইভিত্তিক আলট্রাটেক সিমেন্ট লিমিটেড ভারতের শীর্ষ গ্রে সিমেন্ট, রেডি-মিক্স কংক্রিট ও হোয়াইট সিমেন্ট উৎপাদক। সক্ষমতার দিক থেকে বৈশ্বিকভাবে এ কোম্পানির অবস্থান পঞ্চম। অন্যদিকে মুম্বাইভিত্তিক ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড আয়ের দিক থেকে ভারতের নবম শীর্ষ সিমেন্ট কোম্পানি।