জুলাইয়ে শুরু হতে যাচ্ছে ‘প্যারিস অলিম্পিক ২০২৪’। বিশ্বের অন্যতম এ ক্রীড়া আয়োজন ঘিরে চলছে বিভিন্ন ধরনের ব্যবসায়িক পরিকল্পনা। এর মধ্যে অতিধনীদের জন্য চালু হওয়া বিশেষ একটি প্যাকেজ অনেককে চমকে দিয়েছে। ‘‌আলট্রা এক্সক্লুসিভ’ নামের এ প্যাকেজের মূল্য ৫ লাখ ডলার। খবর দ্য গার্ডিয়ান।

আয়োজকদের দাবি, এ প্যাকেজের অধীনে রয়েছে বিশেষ কিছু পরিষেবা। প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের কাছাকাছি থাকা ও উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ এতে অন্তর্ভুক্ত থাকছে।

প্যাকেজটি চালু করেছে জিআরএইট এক্সপেরিয়েন্স নামের একটি আন্তর্জাতিক ইভেন্ট সংস্থা। এর ব্যবসা বিভাগ দেখছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। প্রতিষ্ঠানটি দাবি করছে, তাদের প্যাকেজের অধীনে ১৪টি ইভেন্টের টিকিট রয়েছে। পুরুষদের ১০০ মিটার দৌড় ও উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের মূল্য পড়বে ৩ লাখ ৮১ হাজার ৬০০ ডলার।

জিআরএইট এক্সপেরিয়েন্স প্যাকেজগুলোকে সুযোগ-সুবিধার দিক থাকে আলাদা করেছে। ‘‌এ’ ক্যাটাগরির টিকিট ছাড়াও আরো কিছু ক্যাটাগরির প্যাকেজ চালু করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি সম্পর্কে তাদের মন্তব্য, শুধু ‌অর্থের বিনিময়ে এ ধরনের অভিজ্ঞতা সবসময় কেনা যায় না। এর অধীনে রয়েছে অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাৎ, সংরক্ষিত এলাকায় প্রবেশের সুবিধা, লুভর মিউজিয়ামে ঘণ্টাখানেক ভ্রমণ ও ভার্সাই প্রাসাদে রাজকীয় ডিনার।

জিআরএইট এক্সপেরিয়েন্সের প্রধান নির্বাহী বার্নাবাস কারেগো জানান, তার প্রতিষ্ঠান বিখ্যাত সব অ্যাথলেটের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে। সাধারণ মানুষ এ সুবিধাগুলো কখনো পায় না। তবে কোন কোন অ্যাথলেটের সঙ্গে দেখা করা যাবে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

তবে এর আগে এক ইভেন্টে রাফায়েল নাদাল ও আরেক টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং সাবেক ইতালীয় অলিম্পিক স্কিয়ার জর্জিও রোকাকে হাজির করেছিলেন বলে জানান তিনি।

খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাতের খরচ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বার্নাবাস কারেগো জানান, খরচ নির্ভর করবে খেলোয়াড় ও অন্যান্য পরিস্থিতির ওপর। তবে বলেন, ‘প্যাকেজের আওতায় খেলোয়াড়দের সঙ্গে আলাপ ও ছবি তোলার জন্য ১৫ মিনিট সময় পাওয়া যাবে। লাঞ্চসহ এ প্যাকেজটির প্রারম্ভিক মূল্য ২৫ হাজার ডলার। এতে সর্বোচ্চ ৫ লাখ ডলার খরচ হতে পারে।’ 

বাছাইকৃত কিছু অ্যাথলেটের সঙ্গে জিআরএইট কাজ করছে বলে জানান বার্নাবাস কারেগো। তিনি দাবি করেন, এর আগে তাদের প্রতিষ্ঠান নাদালের সঙ্গে এক ক্লায়েন্টের এক সপ্তাহ সময় কাটানোর সুযোগ করে দিয়েছিল। যার অধীনে একটি ম্যাচ দেখারও সুযোগ ছিল।