প্রফেসর ড. মুহাম্মদ মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরিত পত্রের ভিত্তিতে রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে তিনি এ পদে নিয়োগ পান।
গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের সময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান তাকে স্বাগত ও অভিনন্দন জানান। প্রফেসর মাসুম ইকবাল ২০০১ সালে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটিতে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ২০০২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলে সেখানে যোগ দেন। দুই দশকেরও বেশি সময় ধরে সেখানে তিনি বিভাগীয় প্রধান, সহযোগী ডিন ও ডিন হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের ব্যবসায় শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
চাঁদপুরের কৃতী সন্তান প্রফেসর মাসুম ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও বীমা বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ ও বিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার ক্ষেত্র মার্কেটিং, সার্ভিসেস মার্কেটিং, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা ও সামাজিক ব্যবসার ওপর বিস্তৃত। তিনি মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় ও তুরস্কের আনাদোলু বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গবেষক হিসেবে তার ৫০টিরও বেশি গবেষণা প্রকাশনা রয়েছে, যা স্কোপাস এবং ওয়েব অব সায়েন্সে সূচিবদ্ধ। সম্প্রতি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সেবা বিপণনের উপর একটি পাঠ্যপুস্তকও প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি ডিআইইউ এর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার ও বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক সহযোগিতা ও পাঠ্যক্রম উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি নিয়মিত বিশ্বব্যাপী বিভিন্ন সম্মেলনে বক্তৃতা দেন ও সামাজিক ব্যবসা শিক্ষায় স্বীকৃত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
—বিজ্ঞপ্তি










