এ বছরের জানুয়ারিতে ফ্লোর প্রাইস (শেয়ারদরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহারের পর কিছুদিন ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও ফেব্রুয়ারিতেই দরপতন শুরু হয় পুঁজিবাজারে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে পুঁজিবাজারের টানা দরপতন চলছে। এ অবস্থায় দরপতনের তীব্রতা কমাতে শেয়ারদর কমার নতুন সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে যেসব শেয়ারের ওপর ফ্লোর প্রাইস রয়েছে সেগুলো বাদে বাকি সব শেয়ারের দর সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। আজ থেকে এ নির্দেশনা কার্যকর হবে। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০০১ সালের ১৭ জুন কমিশনের জারি করা আদেশ অনুসারে সার্কিট লিমিটের ক্ষেত্রে শেয়ারদরের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকবে। আর শেয়ারদর কমার ক্ষেত্রে ফ্লোর প্রাইস থাকা সিকিউরিটিজ বাদে বাকি সব সিকিউরিটিজের জন্য ৩ শতাংশ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। এর মানে হচ্ছে বর্তমানে যেসব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর বর্তমানে কোনো ফ্লোর প্রাইস নেই সেগুলোর দর সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। বর্তমানে বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজিবাজার পাওয়ারের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস রয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, ‘অস্বাভাবিক লেনদেন রোধে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
২০০১ সালের ১৭ জুন কমিশনের জারি করা আদেশ অনুসারে শেয়ারদরের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ ১০ থেকে সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারবে। এর মধ্যে শেয়ারদর ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। শেয়ারদর ২০০ টাকার ওপর হলে এবং ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে। ৫০০ টাকার বেশি এবং ১ হাজার টাকা পর্যন্ত শেয়ারদর থাকলে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার হবে ৭ দশমিক ৫ শতাংশ। শেয়ারদর ১ হাজার টাকার বেশি এবং ২ হাজার টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে। শেয়ারদর ২ টাকার ওপরে থাকলে এবং ৫ হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ। আর শেয়ারদর ৫ হাজার টাকার বেশি হলে ৩ দশমিক ৭৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে।










