উত্তরা ইউনিভার্সিটিতে ‘এআইগনাইট-২৫’ কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশের তরুণদের ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের খ্যাতিমান পেশাজীবী, শিক্ষাবিদ, উদ্যোক্তা ও উদ্ভাবকরা অংশ নেন। তারা শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কাজে লাগাতে অনুপ্রাণিত করেন ও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথি ও উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, মানুষের মস্তিষ্ক কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে অনেক বেশি মূল্যবান ও শক্তিশালী। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ সহজ করতে পারে। তবে প্রযুক্তি যেন মানুষের বুদ্ধিমত্তাকে দখল না করে তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইন্টার্যাকটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয়, যা শেখার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক ও ফলপ্রসূ করে তোলে।
এফবিসিসিআইয়ের উপদেষ্টা ও সাবেক পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণে দক্ষতা অর্জন জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা স্বল্প সময়ে অনেক কিছু শেখার সুযোগ করে দিচ্ছে।
সেমিনারে সিটিব্যাংক এন.এ. বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড প্রোডাক্ট প্রধান সুবাহ আফরিন ব্যবসায়িক সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।
গ্রামীণফোনের আইওটি প্রোডাক্ট ম্যানেজার রেজওয়ান আরেফিন টেলিকমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন তুলে ধরেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার কাজী তাফসিরুল ইসলাম শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।
অন্য অতিথিদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের লেকচারার মোহাম্মদ আমিনুর রহমান, ব্যাটারি লো ইন্টার্যাকটিভ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিনহাজ-উস-সালেকীন ফাহমি এবং লেখক ও যুব উদ্যোক্তা মো. আলতামিশ নাবিল। তারা নেতৃত্ব, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক সম্ভাবনা নিয়ে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।
অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ইন-চার্জ মোহাম্মদ আলী কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। মিডিয়া পার্টনার টেক ওয়ার্ল্ড অনুষ্ঠানের বিস্তৃত প্রচার করে।
—বিজ্ঞপ্তি










