বিনের তারতম্যের পাশাপাশি কফির স্বাদ ও গুণমানে ভীষণ প্রভাব ফেলে ব্লেন্ডিং প্রক্রিয়া। এর সঙ্গে প্রযুক্তির বিভিন্ন ধরন জড়িত। তেমন একটি উদাহরণ পাওয়া গেল ফিনল্যান্ডে। সম্প্রতি দেশটির রাজধানীতে নতুন ধরনের কফি ব্লেন্ডিং চালু করেছে, যাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এর মাধ্যমে মানসম্মত পানীয় তৈরির চাপ অনেকটা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। হেলসিঙ্কি-ভিত্তিক কাফা রোস্টারি সম্প্রতি চালু করেছে এ ‘এআই-কনিক ব্লেন্ড’। আন্তর্জাতিক কফি সংগঠন অনুসারে, ৫৬ লাখ মানুষের নরডিক দেশটির মানুষ বার্ষিক মাথাপিছু ১২ কেজি কফি পান করেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ কফি পান। এ হিসেবে দেশটিতেই নতুন ধরনের ব্লেন্ডিং সফল হওয়ার সম্ভাবনা বেশি। এ প্রযুক্তিতে চার ধরনের কফি বিন ব্যবহার করা হচ্ছে, যা আনা হচ্ছে ব্রাজিল থেকে। কাফা রোস্টারি ফিনল্যান্ডের তৃতীয় বৃহত্তম কফি রোস্টারি, তাদের সঙ্গে যুক্ত হয়েছে স্থানীয় এআই পরামর্শদাতা ইলেভ। মূলত চ্যাটজিপিটি ও কো-পাইলটের মতো সাম্প্রতিক এআই মডেল ব্যবহার করে কফি ব্লেন্ডিং হচ্ছে। ইলেভ বলছে, ‘এ প্রযুক্তি কফিপ্রেমীদের রুচির সঙ্গে মানানসই হবে ও প্রচলিত কফির স্বাদের তুলনায় ভালো হবে।’ কাফা রোস্টারির পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমরা দুই অংশীদার মিলে নতুন ধরনের নিরীক্ষা চালিয়ে যাচ্ছি। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল এআই কীভাবে কফি রোস্টিংয়ে সাহায্য করতে পারে।’ এরই মধ্যে এআইয়ের ব্লেন্ডিংয়ে তৈরি কফির স্বাদ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কাফার বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ কফির স্বাদ পুরোপুরি ঠিক ছিল এবং এজন্য মানুষের সরাসরি কাজের প্রয়োজন নেই। কাফা রোস্টারি আশা করছে ভবিষ্যতে এআই ফিনল্যান্ডের কফি শিল্পে নতুন ধরনের পেশার সূচনা করবে। এটি কফি পানের বিদ্যমান সংস্কৃতি ও প্রযুক্তি স্টার্টআপের জন্য উপযুক্ত। খবর ও ছবি এপি
কফি ব্লেন্ডিংয়ে পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার
বিনের তারতম্যের পাশাপাশি কফির স্বাদ ও গুণমানে ভীষণ প্রভাব ফেলে ব্লেন্ডিং প্রক্রিয়া। এর সঙ্গে প্রযুক্তির বিভিন্ন ধরন জড়িত।










