ঢাকায় দেশের প্রথম ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিশেষ প্রিপেইড কার্ড চালু করেছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সেবা পে। রোববার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। সেবা পে এর ব্যবসা-টু-ব্যবসা প্ল্যাটফর্মে লেনদেনকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ‘কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড’ চালু করা হয়েছে।

এই কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে সময়মতো টাকা পরিশোধ, নগদ লেনদেন পরিচালনা ও বিভিন্ন ব্যবসায়িক সুবিধা নিতে পারবেন। এর জন্য প্রচলিত ব্যাংক হিসাবের প্রয়োজন হবে না। ব্যাংকিং সেবার বাইরে থাকা উদ্যোক্তাদের জন্য এটি হবে এক যুগান্তকারী আর্থিক সমাধান। নতুন কার্ডে রয়েছে এনএফসি প্রযুক্তি সমৃদ্ধ কনট্যাক্টলেস পেমেন্ট, রিয়েল-টাইম ব্যালেন্স দেখা, এটিএম থেকে টাকা উত্তোলন এবং দেশ-বিদেশে অনলাইন ও অফলাইন কেনাকাটার সুবিধা। কার্ডধারীরা ভ্রমণ, জীবনযাপন ও রেস্তোরাঁয় খরচের ক্ষেত্রে মাস্টারকার্ডের বিশেষ অফার পাবেন। দেশের ৯ হাজারের বেশি দোকান ও প্রতিষ্ঠানে আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন তারা।

এসএমই কার্ডের পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য একটি কনজিউমার প্রিপেইড কার্ডও চালু হয়েছে। দুটি কার্ডই ফিজিক্যাল ও ভার্চুয়াল—দুইভাবেই পাওয়া যাবে। উদ্যোক্তা ও গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও ঝামেলাহীন লেনদেনের সুযোগ তৈরি করবে এ উদ্যোগ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এমটিবির ডিজিটাল ব্যাংকিং যাত্রায় এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেবা পে ও মাস্টারকার্ডের সহযোগিতায় ব্যাংকিং সেবা এখন মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, অ্যাকাউন্ট ছাড়াই তারা আধুনিক আর্থিক সেবা নিতে পারছেন।

সেবা পে এর চেয়ারম্যান আদনান ইমতিয়াজ হালিম বলেন, এ কার্ডের মাধ্যমে গ্রাহকরা সহজে পেমেন্ট করতে পারবেন এবং প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে থেকেও আত্মবিশ্বাসের সঙ্গে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, দেশের প্রথম এসএমই কম্প্যানিয়ন প্রিপেইড কার্ড আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, এমটিবির ডেপুটি এমডি শাফকাত হোসেন, কার্ড বিভাগের প্রধান আবু বকর সিদ্দিক, মাস্টারকার্ডের পরিচালক জাকিয়া সুলতানা, মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসি, সেবা ফিনটেকের এমডি ইলমুল হক সজীবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

—বিজ্ঞপ্তি