মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা দিয়েছে। স্বপ্নের পক্ষ থেকে বান্দরবানের রেইছা, টংকাবতী ও সদর এলাকার বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্সের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্বাচন করা হয়। এ বিষয়ে স্বপ্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন বিশ্বাস করে, সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এ ছোট উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কিছুটা কমাতে সহায়ক হবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহযোগিতা করবে বলে আমরা আশা করি।’