বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ বিইউএফটিআইমান ২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিইউএফটি অডিটোরিয়ামে উদ্বোধন হওয়া এ আয়োজন চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। এতে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময় ও যৌথ সমস্যা সমাধানের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি তরুণ নেতৃত্ব গড়ে তোলা ও বৈশ্বিক সচেতনতা বৃদ্ধিতে এই কনফারেন্সের ভূমিকার প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ছাত্রকল্যাণ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এএনএম রফিকুল আলম এবং বিইউএফটিমুনা ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।

বিইউএফটিআইমান ২০২৫ এর সেক্রেটারি জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর প্রতিনিধিরা প্রথম কমিটি সেশনে যোগ দেন। এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘স্থায়ী শান্তি ও ব্যাপক নিরাপত্তা অর্জনের লক্ষ্যে বৈশ্বিক বিভেদ দূর করতে মানবতা, কূটনীতি এবং সংহতিকে মানবীয় করে তোলা’।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে কমিটি কার্যক্রম ও সাংস্কৃতিক রাত, যেখানে থাকবে মনোমুগ্ধকর পরিবেশনা ও ফ্যাশন শো। শেষ দিনে হবে সমাপনী কমিটি সেশন, পুরস্কার বিতরণী ও গালা নাইট।

—বিজ্ঞপ্তি