কভিড-১৯-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিগ্রহণ ও একীভূতকরণ প্রক্রিয়া। এর অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে, স্বাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এককভাবে টিকে থাকা আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন হয়ে পড়েছে। যার প্রভাব পড়ছে ফ্যাশন ইন্ডাস্ট্রির নামি ব্র্যান্ড জর্জিও আরমানির ওপরও। খবর দ্য ন্যাশনাল।
ইতালির এ ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি তিন মাস পর নব্বইতম জন্মদিন পালন করবেন। এর আগে এক সাক্ষাৎকারে জানালেন, তার অবর্তমানে প্রতিষ্ঠানটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। তবে এখনই তিনি তেমন কিছু করার কথা ভাবছেন না।
একীভূতকরণ ও অধিগ্রহণ সাম্প্রতিক বিলাস পণ্য বাজারকে নতুন আকার দিচ্ছে। বিষয়টি আমলে নিয়ে জর্জিও আরমানি জানান, স্বাধীন থাকার জন্য বছরের পর বছর লড়াই করে আসছেন। তিনি বলেন, ‘বড় শিল্প গোষ্ঠী থেকে স্বাতন্ত্র্য থাকার বিষয়টি আরমানি গ্রুপের ভবিষ্যৎ ব্যবসার জন্য একটি চালক হতে পারে। কিন্তু আমি মনে করি না যে সবসময় একই রকম থাকবে।’
পরিবর্তিত সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতাকে সাফল্য হিসেবে দেখেন বলেও জানান তিনি।
জর্জিও আরমানি ব্র্যানেড্র পুরো নিয়ন্ত্রণ এখন ধনকুবেরের হাতে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী ৬৬০ কোটি ডলার সম্পদের অধিকারী তিনি।
ইতালীয় বিলাস পণ্য শিল্পে এখন অনিশ্চয়তা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে অনেক কোম্পানি এখনো স্বাধীন ও পরিবার-নিয়ন্ত্রিত। এর মধ্যে রয়েছে সালভাতোরে ফেরগামো, প্রাডা, মনক্লার ও এরমেনিগিল্ডো জেগনা। সাম্প্রতিক সময়ে এলভিএমএইচ ও কেরিংয়ের মধ্যে ফরাসি প্রতিষ্ঠান আরো বেশি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। গত ৩০ বছরে বেশকিছু ইতালীয় বিলাসী পণ্য কোম্পানি ফরাসিদের কাছে বিক্রি করতে বেছে নিয়েছে। এ বিষয়ে বরাবরই সতর্ক রয়েছেন জর্জিও আরমানি। কারণ এসব ব্র্যান্ডের দিকে বিনিয়োগকারীদের আকর্ষণ দিন দিন বাড়ছে।
ডিজাইনার জর্জিও আরমানির কোনো সন্তান নেই। তার কয়েকজন আত্মীয় কোম্পানির পরিচালনা বোর্ডে রয়েছেন। আরমানি নিশ্চিত করেছেন একদল আস্থাভাজনদের হাতে নিজের গড়া কোম্পানিটি ছেড়ে দিতে চান।










