এনবিআরের লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবারের বাজেটের বহুল আলোচিত বিষয়। এ চ্যালেঞ্জ তারা নিতে পারবে কিনা, রয়েছে সেই প্রশ্নও। সংস্থাটি যে কর সংগ্রহ করে সেখানে ভ্যাটই প্রধান। এবারো চিত্রটা ব্যতিক্রম নয়। নতুন অর্থবছরে ভ্যাট থেকে ২ লাখ ২৮ হাজার ৯১৫ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এনবিআরের মোট রাজস্বের ৩৮ শতাংশ আসবে ভ্যাট থেকে। কেন্দ্রীয় ব্যাংকের হাতিয়ারটির নাম বাংলা কিউআর। এর ব্যবহার বেশি হবে কেনাকাটায়। তাই এটি যত ছড়িয়ে পড়বে, যত জনপ্রিয় হবে, ততই ভ্যাট আদায় বাড়বে।
বাংলা কিউআর কোডের প্রসারে এসব সমস্যা সমাধানে সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রচারণা ও প্রণোদনা প্রয়োজন। অ্যাপভিত্তিক লেনদেন ক্রেতা-বিক্রেতার জন্য কীভাবে সুবিধাজনক এটি জানাতে হবে। বিশেষত নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে মুক্ত হওয়ার দিকটি যে কেউ সহজেই বুঝতে পারবে। এতে প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ডও থাকবে। ফলে পারস্পরিক যেকোনো অভিযোগ নিষ্পত্তি করা সহজ হবে।
বাংলা কিউআর কোড সেবা প্রাথমিক পর্যায়ে চার্জমুক্ত রাখা যায় কিনা সেটিও ভেবে দেখতে পারেন আমাদের নীতিনির্ধারকরা। আসলে ভ্যাট বৃদ্ধি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সরকার, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভোক্তাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।
খন্দকার এমদাদুল হক: ব্যাংকার









