ভিয়েতনামের জাতীয় ফুল পদ্ম। এটি ভিয়েতনামীদের কাছে ভবিষ্যতের শুদ্ধতা, প্রতিশ্রুতি ও আশাবাদের প্রতীকও। নাগরিকদের দৈনন্দিন জীবনে সাজসজ্জা থেকে শুরু করে রান্না কিংবা ওষুধ পর্যন্ত পদ্ম ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে এগুলো ছাপিয়ে পদ্ম থেকে তৈরি এমন একটি পণ্য রয়েছে, যা হয়তো কেউ কখনো কল্পনাই করেনি- সেটি হলো পদ্ধ রেশম।
রেশম সাধারণত তুঁতভক্ষক রেশম মথ (পোকা) থেকে পাওয়া যায়। তবে সম্প্রতি হ্যানয়ের মাই দুকের ফুং জার এক ভিয়েতনামিজ নারী পদ্ম রেশমের কাপড় বুনন নিয়ে কাজ করছেন। সুতা সংগ্রহ থেকে বুনন পর্যন্ত তিনি অনুসরণ করছেন মিয়ানমারের অনন্য বয়ন কৌশল।
ফান থি থুয়ান নামের ওই নারী বলেন, পদ্ম রেশমের স্কার্ফ হাতে নিয়ে আমরা পরিষ্কারভাবে সেটির মসৃণতা ও বিশুদ্ধতা অনুভব করতে পারি। এটি অন্যান্য রেশনের চেয়ে সম্পূর্ণ আলাদা।
১ দশমিক ৭ মিটারের একটি স্কার্ফ তৈরি করতে ৪ হাজার ৮০০টি পদ্ম ডাটা লাগে। কঠোর পরিশ্রমী একজন শ্রমিক কেবল দিনে ২০০ থেকে ২৫০টি ডাটা থেকে সুতা সংগ্রহ করতে পারেন। তাছাড়া এই সুতা প্রক্রিয়াজাত করাও একটি জটিল প্রক্রিয়া। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞরা ছাড়া এটি পারবেন না। ফলে একটি স্কার্ফ সম্পূর্ণ করতে এক মাস সময় লেগে যায়। এ কারণেই একটি স্কার্ফের দাম পড়ে ২০০ মার্কিন ডলার পর্যন্ত।
থুয়ান এখন আরো ভালো মান এবং পদ্ম উত্পাদনের সময় সাশ্রয়ের দিকে নজর দিচ্ছেন।
পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে থুয়ান রেশম তাঁতে একজন সফল উদ্যোক্তা। খুব ছোটবেলা থেকেই তিনি রেশম পোকা ও তাঁতের সঙ্গে জড়িত। ৬ বছর বয়সেই বাবা-মায়ের কাছ থেকে থেকে থুয়ান রেশম বুননের সমস্ত কৌশল রপ্ত করেন।
জীবনের অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে এখন পর্যন্ত থুয়ানকে এমন কয়েকজন কারিগরের একজন হিসেবে বিবেচনায় করা হয়, যারা এখনো ফুং জা এলাকায় বয়ন শিল্পের সঙ্গে রয়েছেন।
ভিয়েতনাম টাইমস










