হোয়াইট হাউসে বিতর্কিত বৈঠকের পর স্থগিত হয়ে যাওয়া খনিজ সম্পদ চুক্তি নতুনভাবে স্বাক্ষরের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইউক্রেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মার্চ) কংগ্রেসে দেয়া ভাষণে এই চুক্তির ঘোষণা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে এখনো তা স্বাক্ষরিত হয়নি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অবশ্য বলেছেন, চুক্তি স্বাক্ষরের কোনো পরিকল্পনা নেই।

ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের সেই বৈঠকের পর যুক্তরাষ্ট্র কিয়েভের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং জেলেনস্কির উপদেষ্টাদের তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি এক পোস্টে বৈঠককে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং জানান, ইউক্রেন চুক্তি স্বাক্ষরে প্রস্তুত।

আগের চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার জন্য কোনো স্পষ্ট নিশ্চয়তা ছিল না। তবে এটি যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ সম্পদের রাজস্ব থেকে অংশীদারত্বের সুযোগ দিত।

ট্রাম্প সোমবার বলেছেন, ইউক্রেনের আরো কৃতজ্ঞ হওয়া উচিত এবং ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্র তাদের অনেক বেশি সহায়তা দিয়েছে। এদিকে, ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধবিরতির শর্তে শান্তিরক্ষী সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে তারা যুক্তরাষ্ট্রের সমর্থন চায়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া।