রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভালো ও ফল্প্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মস্কোতে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন জানায়, তারা শান্তি প্রক্রিয়ার ব্যাপারে সতর্ক ও আশাবাদী। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, এই ভয়াবহ যুদ্ধ শেষ হওয়ার এখন বড় সুযোগ রয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন কূটনৈতিক আলোচনাকে দীর্ঘায়িত করে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন। তিনি বলেন, পুতিন এমন শর্ত দিচ্ছেন যা গ্রহণযোগ্য নয়, এসবের উদ্দেশ্য শুধু সময় নষ্ট করা।

বৃহস্পতিবার পুতিন যুদ্ধবিরতির পক্ষে মত দিলেও কঠিন শর্তও দিয়েছেন আর এসব শর্তকে ‘চালাকিপূর্ণ’ বলে অভিহিত করেন জেলেনস্কি। ইউক্রেন এরইমধ্যে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি মেনে নিলেও রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তাতে সম্মতি দেয়নি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার বলেছেন, পুতিন শান্তি আলোচনা নিয়ে ‘খেলতে পারবেন না’। তিনি বলেন, যদি রাশিয়া আলোচনার টেবিলে আসে, তাহলে নিশ্চিত করতে হবে এটি টেকসই ও বাস্তবসম্মত হবে। আর যদি না আসে, তাহলে আমাদের রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।

এদিকে, জি-৭ নেতারা কানাডার কুইবেকে বৈঠকে মিলিত হয়ে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেন, এখন সিদ্ধান্ত নেয়ার পালা রাশিয়ার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো আলোচনার মাধ্যমে সমাধান।