মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজায় আটক বন্দিদের দ্রুত মুক্তি দিতে হবে। তিনি এ হুঁশিয়ারিকে ‘শেষ সতর্কবার্তা’ বলে আখ্যা দিয়েছেন। খবর বিবিসি।

ট্রাম্প বুধবার (৫ মার্চ) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, কাজ শেষ করতে আমি ইসরায়েলকে যা দরকার সব কিছু পাঠাচ্ছি। হামাসের কোনো সদস্য নিরাপদ থাকবে না যদি তোমরা আমার কথা না শোনো।

এর আগে হোয়াইট হাউস স্বীকার করেছে যে, তারা সরাসরি হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদিও এতদিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত থেকেছে।

ট্রাম্প আরো বলেন, বন্দিদের এখনই মুক্তি দাও, দেরি করো না। নইলে তোমাদের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে।

তিনি গাজার সাধারণ মানুষের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা বন্দিদের আটকে রাখো, তাহলে তোমরা ধ্বংস হবে।

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করছে, যা ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন দূত অ্যাডাম বোয়েলার সম্প্রতি কাতারের দোহায় হামাসের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।