মার্কিন প্রতিনিধি পরিষদের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি আরো আগে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতেন, তবে ডেমোক্র্যাটদের জন্য ভালো ফলাফল হতে পারত। খবর বিবিসি।

নিউইয়র্ক টাইমসকে পেলোসি বলেন, বাইডেন আগে সরে দাঁড়ালে আরো প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারতেন। আর এই প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারতেন। তবে বাইডেন জুলাইয়ের শেষের দিকে প্রচার থেকে সরে দাঁড়ানোর পরপরই হ্যারিসকে সমর্থন দেন, যা একটি ওপেন প্রাইমারির সম্ভাবনা প্রায় শেষ করে দেয়।

পেলোসির মতে, ওপেন প্রাইমারির মাধ্যমে একাধিক ডেমোক্র্যাটিক প্রার্থী দলের সদস্যদের ভোটে বাইডেনের স্থলাভিষিক্ত হবার সুযোগ পেত। তিনি আরো জানান, এই প্রক্রিয়ায় অংশ নিলে হ্যারিস শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারতেন। যদিও পরে পেলোসি আক্ষেপ করে বলেন, ‘কিন্তু সেটা হয়নি। এখন যা হয়েছে, তা নিয়েই বাঁচতে হবে।’

হ্যারিসের সহকারীরাও মনে করেন, বাইডেনের কারণে হ্যারিসের প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। নির্বাচনে হ্যারিসের পরাজয়ের জন্য এককভাবে বাইডেনকেই দায়ী করেন তারা।