শান্তি আলোচনা চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য হোয়াইট হাউজের দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) দেশটির গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ভ্যান্স জানান, গত শুক্রবারের বৈঠকে জেলেনস্কির পক্ষ থেকে 'সম্মান প্রদর্শনে' ঘাটতি ছিল। পাশাপাশি নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া তিনি সে সময় শান্তি আলোচনা করতে ইচ্ছুক ছিলেন না। ভ্যান্স বলেন, আমার মনে হয়, জেলেনস্কি এখনো সেই পর্যায়ে পৌঁছাননি। তবে তিনি সেখানে অবশ্যই পৌঁছাবেন। তিনি বলেন, যখন তারা শান্তির কথা বলতে ইচ্ছুক, আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পই হবেন প্রথম ব্যক্তি যিনি ফোনটি তুলবেন।
এর আগে গত শুক্রবার রাতে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে নাটকীয় অভিজ্ঞতার মুখোমুখি হন জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তা হয়নি।
সেই ধারাবাহিকতায় সোমবার ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা আসার কিছু সময় আগেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ভ্যান্স। এ সময় তিনি এমনটাও বলেন যে, জেলেনস্কি 'শেষ পর্যন্ত' রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় রাজি হবেন।
এদিকে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সহায়তা পর্যালোচনা করা হচ্ছে যাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সমাধানের জন্য সামরিক সহায়তা একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
আর ব্লুমবার্গ ও ফক্স নিউজের প্রতিবেদন বলছে, এই স্থগিতাদেশ ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে যতক্ষণ না ট্রাম্প মনে করেন যে, ইউক্রেনের নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।









