ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পই এখন বিশ্বের একমাত্র নেতা যিনি ইউক্রেনে যুদ্ধের একটি স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধান আনতে পারেন। খবর বিবিসি।

তিনি আরো বলেন, আমরা রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে চাই। আমরা দেখতে চাই শান্তির কোনো সম্ভাবনা রয়েছে কিনা।

ইউক্রেনে সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সোমবার (৩ মার্চ) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের পর মার্কো রুবিওর বার্তাটিই ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তার কাছ থেকে প্রথম প্রকাশ্য মন্তব্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সহায়তা পর্যালোচনা করা হচ্ছে যাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সমাধানের জন্য সামরিক সহায়তা একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

ফক্স নিউজকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এটি স্থায়ীভাবে সহায়তা বন্ধ করা নয়। এটি শুধুমাত্র একটি সাময়িক বিরতি।