ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের পর নীরবতা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন হ্যারিসকে ‘অসাধারণ সঙ্গী’ এবং এমন একজন জনসেবক হিসেবে আখ্যা দিয়েছেন যার মধ্যে সততা, সাহস এবং চরিত্রের সম্মিলন রয়েছে। ট্রাম্পের বিজয়ের পর এটি ছিল বাইডেনের প্রথম প্রকাশ্য মন্তব্য। খবর এপি।
প্রেসিডেন্ট বাইডেন আরো উল্লেখ করেন যে, হ্যারিস এক 'কঠিন পরিস্থিতিতে' নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছিলেন। মূলত সেই কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাইডেনের ওপর নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর চাপ বাড়ার পর। ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে নাজেহাল হওয়ার পর বাইডেনের ওপর তার দলের ভেতর থেকেই সরে দাঁড়ানোর চাপ বাড়তে থাকে এবং নির্বাচনের ১০৮ দিন আগে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
বাইডেন আরো বলেন, হ্যারিস এগিয়ে এসে একটি ঐতিহাসিক প্রচারাভিযানের নেতৃত্ব দিয়েছেন। যা দেখিয়েছে যে, স্বাধীন, ন্যায়সঙ্গত এবং সকল আমেরিকানের জন্য আরো বেশি সুযোগে পূর্ণ একটি জাতি শক্তিশালী নৈতিক দিকনির্দেশনা এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হলে কী কী করা সম্ভব।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দল জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাইডেনের হোয়াইট হাউসে সাক্ষাতের আমন্ত্রণ ট্রাম্প গ্রহণ করেছেন। সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হবে। এখনো এ সাক্ষাতের তারিখ ঘোষণা করা হয়নি। তবে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়াং বলেছেন, সাক্ষাৎটি খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। চিয়াং আরো বলেন, ট্রাম্প গতকাল বুধবার (৬ নভেম্বর) বাইডেনের অভিনন্দনসূচক ফোন কলের জন্য ‘অত্যন্ত কৃতজ্ঞ’।










